২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রেমিট্যান্সের প্রধান উৎস দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি, কুয়েত, কাতার, সিঙ্গাপুর, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ।
এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন, সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে কাজ করছে এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, “আশা করা যায়, খুব শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।”








