বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে তা ধরে রাখতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য পৌছে দিতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ যখন তাকিয়ে থাকে তখন দায়িত্ব এসে পড়ে। কোটি কোটি মানুষের দায়িত্ব এক বিশাল দায়িত্ব। তিনি বলেব, বিএনপির প্রত্যেককে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের আস্থা অর্জন করতে হবে। একটি রাজনৈতিক দলের সফলতা হলো মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা। মানুষের আস্থা অর্জন করা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় অর্জন। এই আস্থা ধরে রাখাও একজন কর্মীর দায়িত্ব।
মঙ্গলবার দিনব্যাপী গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়ায় সাগর-সৈকত কনভেনশন সেন্টারে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি দলীয় নেতকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সাথে রাখুন। আমরা জাল ভোট দিয়ে, কারচুপি করে, নিশি ভোটে, জোর করে ক্ষমতায় যেতে চাই না। মানুষ মুক্তভাবে ভোট দিবে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। তবেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে বিবেচনা করবে। তিনি বলেন, যারা নিজের স্বার্থ হাসিলের জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদেরকে শক্ত হাতে রুখতে হবে। তিনি বলেন, রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে। বিএনপি রাষ্ট্র মেরমতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে। যে কোন মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচন অতীতের যে কোন সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। আসন্ন চ্যালেঞ্জিং নির্বাচনে সফল হতে হলে বিএনপি নেতাকর্মীদেরকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির জনসমর্থন দেখেও অনেকের হিংসা হচ্ছে, তারাও বসে নেই। কাজেই বিএনপির সকল নেতাকর্মীকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে।
আরও পড়তে পারেন-
- উলামায়ে কেরামের প্রতি মুফতি শফী (রাহ.)এর দরদমাখা নসিহত
- কম্পিউটার চিপ শিল্প: জলবায়ুর উপর ফেলছে ভয়ঙ্কর প্রভাব
- ইরানি বিজ্ঞানীকে যেভাবে হত্যা করে ইসরায়েল
- ব্যতিক্রমী এক ইসলামী আইন গবেষক
- ইবাদতের গুরুত্ব নিয়ে ঠাট্টা-তাচ্ছিল্য জঘন্য গুনাহ
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি মিডিয়া সেলের সদস্যা মাহমুদা হাবিবা, কেন্দ্রীয় সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার পাটোয়ারী বিএনপি নেতা শাহজাহান ফকির, আখতারুল আলম মাস্টার, জয়নাল আবেদীন রিজভী, সাখাওয়াত হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক রহমান আরো বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবী-কে প্রান্তিক পর্যায়ে তুলে ধরতে হবে। নিশি রাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনে বিএনপি বিশ্বাসী নয়। যে কোন মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে। তারেক রহমান কর্মশালায় অংশগ্রহণকারী রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি সম্বন্ধে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উম্মাহ২৪ডটকম: এমএ








