Home জাতীয় খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সেজন্য ফ্যাসিস্টরা খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়া ছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে, সোমবার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়া ছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার। দেশে-বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্টরা খাগড়াছড়ির সন্ত্রাসীদের মদত দিয়েছে।

আরও পড়তে পারেন-

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় পূজার অনুষ্ঠান হচ্ছে ঢাকেশ্বরীর অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা আমাদের সবার দায়িত্ব। আপনারা সবাই এর পবিত্রতা রক্ষা করবেন। এ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেখানে পুলিশ, সশস্ত্র বাহিনী, আনসারসহ অনেক স্বেচ্ছাসেবক আছেন। খাগড়াছড়ির গুইমারায় একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটানোর উদ্দেশ্যই ছিল যেন পূজা শান্তিপূর্ণ ভাবে হতে না পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করেছে এই পূজাটা যেন ভালোভাবে না হয়। এসব সন্ত্রাসীর কর্মকাণ্ড প্রতিহত করা হয়েছে। যে কারণে পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে। এসব সন্ত্রাসীর মদতদাতা রয়েছে দেশে ও দেশের বাইরে। এই মদতদাতারা অসৎ উদ্দেশ্য যাতে সফল না হয় সে চেষ্টা করবেন। ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সঠিক সংবাদ প্রকাশ করবেন। যাতে যারা অসত্য সংবাদ দেয় সেটা যেন বন্ধ হয়ে যায়। আপনারা কোনও সংবাদ যাচাই না করে দেবেন না। এজন্য একটা অ্যাপও করা হয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু সংখ্যক সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।