হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ব কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার প্রতিবাদে আজ (৬ অক্টোবর) সোমবার চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় স্থানীয় ডাকবাংলো চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা কুরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন, “নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব নামের এক কুলাঙ্গার কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক এই কাজ করেছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সরকারের উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। সরকার কোরআন অবমাননাকারী এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দিতে বাধ্য হবো।”
প্রধান আলোচকের বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় উপদেষ্টা, হাটহাজারী মাদরাসার শিক্ষা সচিব ও সিনিয়র মুফতী আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ আল কুরআনকে সার্বজনীন গ্রন্থ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “মহাগ্রন্থ আল কুরআন সার্বজনীন ও বিশ্বজনীন। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই এই পবিত্র গ্রন্থের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। আর পবিত্র কুরআন হল মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড।”
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি আরও বলেন, “মুসলমানরা শান্তিপ্রিয় জাতি হলেও প্রতিনিয়ত কুরআন অবমাননা করে মুসলমানদেরকে উত্ত্যক্ত ও উস্কানি দেয়া হচ্ছে। কিন্তু কোনো মুসলমান বাতিল শক্তির উস্কানিতে পা দেবে না, বরং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই সকল সমস্যার সমাধান করবে, ইনশাআল্লাহ।”
হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম কাসেমীর যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মতিউল্লাহ নূরী, মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা জয়নাল আবেদীন, জনাব নূর মুহাম্মদ, মুফতী মাসউদুর রহমান চৌধুরী, মাওলানা সাকিব আমজাদ জমিরী, জনাব মোরশেদ আলম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশ শেষে হাজারো আলেম-ওলামা ও তৌহিদী জনতার অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়। মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক, হাটহাজারী বাসস্ট্যান্ড ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।
উম্মাহ২৪ডটকম: এমএ








