Home রাজনীতি রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরে এলে জাতি কখনো ক্ষমা করবে না: সালাহউদ্দিন

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরে এলে জাতি কখনো ক্ষমা করবে না: সালাহউদ্দিন

রাজনৈতিক বিভেদের কারণে ফ্যাসিবাদ ফিরে এলে জাতি কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাই মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।  

আজ শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

সালাহউদ্দিন বলেন, ‘রাজনৈতিক দলের বিভেদের কারণে যদি আবারও ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। তাই এখনই সময়, ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের।’

আরও পড়তে পারেন-

তিনি বলেন, ‘আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। রাজনৈতিক মতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, ‘ছাত্রদের অভ্যুত্থানের গৌরবগাথা আমাদের অনুপ্রেরণা। রক্তঝরা সেই ইতিহাসের ভিত্তিতেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা আমাদের দায়িত্ব।’

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা স্মরণ করে সালাহউদ্দিন বলেন, ‘দুই-চার কলাম লেখার জন্য আমাকে প্রায় সাড়ে ৯ বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়নাঘরে বন্দি থাকতে হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে সরে যাইনি।’

তিনি আরও বলেন, ‘একসময় আমি ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল। তিনি তখন অনশন করছিলেন। আমি বলেছিলাম, আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন। ছয়-সাত দিন পর মুরুব্বিরা গিয়ে তাকে অনশন ভাঙাতে সক্ষম হন।’

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।