Home রাজনীতি দেশ পুনর্নির্মাণে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে : তারেক রহমান

দেশ পুনর্নির্মাণে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে : তারেক রহমান

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক আন্দোলন-সংগ্রাম হয়েছে এখন আমাদের দেশ পুনর্নির্মাণ করতে হবে। এজন্য আমাদের গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার পারে একটি দেশকে উন্নত করেতে। জনগণের কাছে সরকারের জবাবদিহি থাকবে এমন সরকার গঠন করতে হবে। বিগত আমি ডামি নির্বাচনের জনপ্রতিনিধিদের কাছে জনগণ যেতে পারেনি। এজন্য তাদের ইচ্ছার প্রতিফলন হয়নি। এজন্য ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। সকলের কাছে শপথ বাক্য পাঠ করিয়ে বলেন, করবো কাজ গড়বো সবার আগে বাংলাদেশ।

গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, এই এলাকায় আমি বড় হয়েছি, আমি এই এলাকা থেকে নির্বাচন করছি। আপনারা এখানে অনেকে আছেন যারা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বসবাস করছেন। আমরা আপনাদের কথা শুনেছি তারা বলল তাদের কর্মসংস্থান দরকার। বাংলাদেশ থেকে অনেক তরুণ, মানুষ বিদেশে যায় কিন্তু তারা স্কিলড না। আমরা তাদের যোগ্য করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ দেবো। ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করলে আপনাদের সকল সমস্যা সমাধান করা হবে।

তিনি আরো বলেন, এই দেশে আন্দোলন হয়েছে, স্বৈরাচার পালিয়েছে। এখন দেশ সংস্কার করতে হবে, দেশ গড়তে হবে। বিগত ১৫ বছর সরকার দেশের সব ধ্বংস করে গেছে। এখন আপনাদের ভোটে সরকার গঠন করলে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। আজকে মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থানসহ যত সমস্যা রয়েছে এগুলো সমাধান করতে পারে একটি গণতান্ত্রিক সরকার। তাই আপনারা ধানের শীষকে জয়যুক্ত করুন, ধানের শীষকে যতবার জয়যুক্ত করেছেন ততবার দেশের সংস্কার হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে।

জনসভায় উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম। দলের সাংগঠনিক নেতৃত্বের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদ। পাশাপাশি সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ জনসভায় অংশ নেন।

কাউছার মাহমুদ, নরসিংদী থেকে জানান, ভোটের দিনের প্রথম দিকে নিজের ভোট দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষকে বিজয়ী করতে তাহাজ্জুদের নামাজের পর কেন্দ্রের পাশের মসজিদে গিয়ে ফজর নামাজ পড়ে ভোট শুরুর প্রথম দিকে ভোট দিতে আহ্বান জানান তিনি।
গত বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী পার্কসংলগ্ন এলাকায় বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। সন্ধ্যা ৭টায় এই জনসভায় যোগ দেয়ার কথা থাকলেও রাত সোয়া ২টায় যোগ দেন তারেক রহমান। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে রাত ৩টা পর্যন্ত হাজারো মানুষ তার বক্তব্য শোনেন। এ সময় জেলার ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

জনসভায় তিনি বলেন, একটি গোষ্ঠী স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে লক্ষ লক্ষ মানুষকে শহীদ হতে হতো না। লক্ষ লক্ষ মা-বোনের সম্মান নষ্ট হতো না।

আরও পড়তে পারেন-

তারেক রহমান বলেন, আজকে কিছু মানুষ বলে অমুককে দেখেছি, তমুককেও দেখলাম এবার অন্যকে দেখি। আপনারা যার কথা বলছেন তাদের এদেশের মানুষ ৫০ বছর আগেই দেখেছে। মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়।

মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্, কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী মাসের ১২ তারিখ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আপনাদের, আমাদের প্রত্যেকেরই ভোট দেওয়ার অধিকার রয়েছে। রাষ্ট্র ও সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে। কিন্তু গত ১৫ বছর ধরে জনগণের কাছ থেকে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বিগত সময়ে হাজার হাজার নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় তিনি জনসভায় উপস্থিত হয়ে জেলার ৬টি আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।

তিনি বলেন, ২০২৪ সালে দেড় হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আবার ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই এবার ভোট দিতে হলে শুধু সকাল সকাল গেলেই হবে না। তাহাজ্জুতের সময় উঠতে হবে, ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, এবারও একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। তারা নিরীহ মা-বোনদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে। যারা এ কাজ করছে তাদের মানুষ চেনে। তিনি বলেন, যারা আজ ষড়যন্ত্র করছে, তারাই ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ওই দলের ষড়যন্ত্র মানুষ ৫০ বছর আগেই দেখে ফেলেছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। যে ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের চলবে না। এই ভোট দেয়ার মাধ্যমে আপনাকে নিশ্চিত করতে হবে কারা আপনাদের জন্য কাজ করবে।

তিনি দেশ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলে বলেন, কারা দেশের জন্য কাজ করবে, কারা দেশকে এগিয়ে নেবে, তা জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। দেশের মালিক জনগণ। এই মালিককেই ঠিক করতে হবে দেশ সঠিক পথে চলবে কি না।

তারেক রহমান বলেন, যারা ১৯৭১ সালে দেশের বিরোধিতা করেছিল এবং গত ১৫ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, দল একটাইÑ বিএনপি। আপনারা আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন।

তিনি তরুণদের জন্য তিনি প্রশিক্ষণ কার্যক্রম চালুর ঘোষণা দিয়ে বলেন, যাতে আমাদের যুব সমাজ দেশ ও বিদেশে চাকরি করার সুযোগ পায়। একই সঙ্গে তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেমদের জন্য সম্মানীর ব্যবস্থা করার কথাও জানান। তিনি বলেন, আমরা আন্দোলন করেছি একসঙ্গে, দেশও গড়বো একসঙ্গে। এসব কাজ বাস্তবায়ন করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ভৈরব স্টেডিয়ামে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া।

আল আমিন ভূইয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে জানান, ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষে ভোট দেয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। তারপর ফজরের নামাজ শেষে ভোট কেন্দ্রে যেতে হবে।

গতকাল শুক্রবার ভোর সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভাযয় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। ধানের শীষে ভোট দেয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। প্রবাসে ভোটারদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেখানে একটা দল ব্যালট পেপারকে দখল করেছে। এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। পরে ভোটকেন্দ্রে ভোট প্রদান করতে বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর আপনারা ভোট দিতে পারেননি। আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা দেখেছেনÑ একটি দল কীভাবে প্রবাসীদের ব্যালট পেপার দখলে নিয়েছিল। জনগণের সজাগ উপস্থিতিই এসব ষড়যন্ত্র রুখে দিতে পারে।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে শুধু জনগণের ভোটের অধিকারই নয়, কথা বলার অধিকারও কেড়ে নেয়া হয়েছিল। সেই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেড় হাজারের বেশি মানুষ রক্ত দিয়েছে এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আবার ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা রক্ত দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করেছে।

জনসভায় তারেক রহমান নিজের পকেট থেকে দুটি কার্ড বের করে প্রদর্শন করে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিদেশে কর্মসংস্থানের আগে দক্ষ জনশক্তি তৈরির মতো বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার ৭ জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে বক্তব্যকালে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ জানিয়েছেন তিনি। সমাবেশ শেষে শুক্রবার ভোরে ঢাকায় ফিরেছেন তিনি। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষে বাসায় ফিরেছেন তারেক রহমান।

তিনি আরো বলেন, তারেক রহমান রাত ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখীর বেগেম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠের শেষ নির্বাচনী সমাবেশটি করেন। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আড়াইহাজারে শুক্রবার ভোরে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছলে মাঠজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে লাখো মানুষ শুক্রবার ভোর পর্যন্ত তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতে থাকে। তিনি শুক্রবার ভোরে সমাবেশস্থলে পৌঁছলে এ সময় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং একপর্যায়ে মঞ্চ থেকে নেমে এসে জনতার সঙ্গে হাত মেলান। এর আগে গতকাল বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি।

মোহাম্মদ আলী মাস্টার, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় কুট্টাপাড়া খেলার মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট প্রদান করে রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন। যে অধিকার গত ১৫ বছর কেড়ে নিয়েছিল, যে অধিকার আদায় করতে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে, আহতও হয়েছে। ’৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ২০২৪ সালে স্বাধীনতা উদ্ধার হয়েছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ২০২৪ সালের ৫ অগাস্ট রাজপথে নেমে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলার মানুষ।

তিনি আরো বলেন, দেশের মানুষকে নিরাপদ ও শান্তিতে বাস করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে, বিদেশে পাঠানো ব্যালট একটি দল দখল করে নিচ্ছে। আপনারা ফজরের নামাজ ভোটকেন্দ্রে পড়বেন, লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন ধানের শীষ মার্কায়। সাথে বিএনপির ধানের শীষ মনে করে খেজুরগাছ ও মাথাল মার্কায় ভোট দেবেন। কারণ এ মানুষগুলো আন্দোলনে ছিল, গণতন্ত্রকামী মানুষের সাথে এরা আমাদেরই লোক।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে বেকারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো, ট্রেনিং নিয়ে নিজেদের কর্মসংস্থান করতে পারবে, নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করে তাদের সহযোগিতা করা হবে, তারা যেন সুন্দর করে সংসার চালাতে পারে, কৃষকদের পাশে দাঁড়াতে চাই, তাদের হাতে কৃষক কার্ড দিয়ে কৃষি সহযোগিতা করতে চাই, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নসহ স্কুল-কলেজ মাদরাসার সংস্কার ও উন্নয়ন করবো ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি ও বিএনপি জোট মনোনীত প্রার্থী যথাক্রমে মুশফিকুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবিব, জুনায়েদ আল সাকি, এম এ হান্নান, ও এম এ মান্নান।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।