শত্রুতা নিরসনের একমাত্র গ্রহণযোগ্য শর্ত হিসেবে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তেহরান যদি এই দাবি মেনে নেয় এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করে, তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করা হবে।
আজ শুক্রবার (৬ মার্চ) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না।’ খবর বার্তা সংস্থা এএফপির।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এমন এক সময়ে এই পোস্টটি করা হলো যখন ইসরায়েল তেহরানে ইরানি শাসকগোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তু এবং লেবাননের বৈরুতে ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থানে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। এছাড়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের ওপর মার্কিন হামলা এখন থেকে ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্রটির আত্মসমর্পণের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে কাজ করবে এবং দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে বড়, উন্নত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প শর্ত দিয়েছেন যে, এটি কেবল তখনই সম্ভব হবে যদি সেখানে (ইরানে) তাঁর ভাষায় ‘একজন মহান এবং গ্রহণযোগ্য নেতা (বা নেতৃবৃন্দ) ক্ষমতাসীন হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলে একটি নতুন স্লোগান দিয়ে পোস্টটি শেষ করেন, আর তা হলো ‘মেক ইরান গ্রেট এগেইন (এমআইজিএ)’।
উম্মাহ২৪ডটকম: এমএ








