বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাহিনীর বড় অংশ আগের পোশাকে ফিরে যেতে চাইলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ সদর দপ্তর দেশের সব ইউনিট থেকে মতামত সংগ্রহ করে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, ৯০ শতাংশের বেশি সদস্য জুলাই-পূর্ববর্তী নীল-জলপাই রঙের ইউনিফর্মে ফেরার পক্ষে মত দিয়েছেন।
পুলিশ সদস্যদের মতে, পুরোনো পোশাকেই সাধারণ মানুষ তাদের সহজে চিনতে পারে এবং এতে পেশাদারিত্বের একটি ভাব বজায় থাকে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রবর্তিত নতুন ইউনিফর্মের রঙ ও ডিজাইন নিয়ে মাঠপর্যায়ে অসন্তোষ ছিল, যা অনেকের মতে মনোবলেও প্রভাব ফেলেছে।
তবে সরকারের নীতিনির্ধারকরা বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুরোনো ইউনিফর্মে ফিরে গেলে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলীর স্মৃতি ও বিতর্ক আবার সামনে আসতে পারে। এ কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর বিকল্প কিছু প্রস্তাবও পর্যালোচনা করছে। এর মধ্যে রয়েছে নতুন রঙ নির্বাচন, টেকসই ও আরামদায়ক কাপড় ব্যবহার, এবং আধুনিক সুবিধা সংযোজন। পাশাপাশি ইউনিফর্মে কিউআর কোড সংবলিত নেমপ্লেট যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে ভুয়া পুলিশ শনাক্ত করা সহজ হয়।
ইউনিফর্ম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, পোশাকের চেয়ে পুলিশের আচরণ ও জনসম্পর্ক উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, ইউনিফর্মের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে এবং এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
উম্মাহ২৪ডটকম: এমএ








