জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা ধাপে ধাপে সফলতার দিকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং এবি পার্টির নেতা মাহমুদুর রহমান।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে শফিকুর রহমান বলেন, “আন্দোলন শুরু করতে হবে—এমন নয়, আন্দোলন শুরু হয়ে গেছে। এখন জনগণের রায় নিয়ে আমরা রাজপথে নামছি।”
একটি রূপক গল্পের মাধ্যমে তিনি ইঙ্গিত করেন, দেশের রাজনৈতিক অস্থিরতার পেছনে ‘অদৃশ্য প্রভাব’ কাজ করছে। তার ভাষায়, “সংসদে যাদের নড়াচড়া দেখা যায়, প্রশ্ন হলো—দড়ি টানে কে? জাতি তা বুঝতে পারছে।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি কেবল রাজনৈতিক বা ছাত্র আন্দোলন ছিল না; এতে শ্রমজীবী মানুষের বড় অংশগ্রহণ ছিল। তিনি বর্তমান সংসদকে ‘জুলাই প্রোডাক্ট’ উল্লেখ করে বলেন, জনগণের প্রত্যাশার বিরুদ্ধে গেলে সরকারকে জবাবদিহি করতে হবে।
সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, গণভোট নিয়ে দ্বৈত অবস্থান গ্রহণ গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে বিরোধী দল হিসেবে তারা কোনো ‘অবৈধ সুবিধা’ নেবেন না বলেও জানান।
ডা. শফিকুর রহমান বলেন, এই আন্দোলন ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়; বরং জনগণের রায়ের প্রতি সম্মান এবং শহীদদের আত্মত্যাগের প্রতিফলন নিশ্চিত করার জন্য। তিনি দেশবাসীকে আন্দোলনে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
উম্মাহ২৪ডটকম: এমএ







