দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে তিনি সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধির অধীনে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির অপেক্ষা করছিলেন। তবে মন্ত্রী অনুপস্থিত থাকায় তাঁর বক্তব্য সেভাবেই উপস্থাপন করতে হচ্ছে।
তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন অপরাধের তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির তথ্যানুযায়ী, এ সময়ে দেশে ৪৭৬টি হত্যাকাণ্ড এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
রুমিন ফারহানা আরও বলেন, মার্চ ও এপ্রিল মাসের পরিসংখ্যানে মোট ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা দেখা গেছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।
নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে সংসদ সদস্য বলেন, আলোচিত সময়ে ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন নারী, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ছিল ৪৯ থেকে ৭১ জন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি বলেন, “এই পরিসংখ্যান স্পষ্টভাবে দেখায় যে গত তিন মাসে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন অবস্থায় রয়েছে।”
সরকারের সাফল্য ও ব্যর্থতার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, তিনি আগেও উল্লেখ করেছিলেন যে সরকারের সফলতা বা ব্যর্থতার বড় একটি অংশ অর্থনীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে।
তার ভাষায়, “এই সরকারের সফলতার ৫০ শতাংশ নির্ভর করছে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের ওপর, আর বাকি ৫০ শতাংশ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর।”
তিনি আক্ষেপ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে বিষয়গুলো আরও স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ পেতেন।
উম্মাহ২৪ডটকম:আইএএ








