দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, বিভিন্ন বোর্ডে প্রশ্নের মান ও কাঠিন্যের ভিন্নতা দূর করে সারা দেশে অভিন্ন মূল্যায়ন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। আসন্ন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ (বালক ও বালিকা) এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর চূড়ান্ত আয়োজন সম্পর্কে তথ্য জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “এতদিন কোনো বোর্ড তুলনামূলক সহজ এবং কোনো বোর্ড অপেক্ষাকৃত কঠিন প্রশ্নে পরীক্ষা নিত। এক দেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন প্রশ্নপত্রে হওয়া যৌক্তিক নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি মাধ্যমের ‘ও’ ও ‘এ’ লেভেল পরীক্ষাও একইভাবে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
চলতি বছরের এসএসসি পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে আ ন ম এহছানুল হক মিলন জানান, সবার সহযোগিতায় এবারের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তিনি ঘোষণা দেন, “এসএসসি পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।”
সেশনজট কমানোর পরিকল্পনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সিলেবাস শেষ হওয়ার পরপরই পাবলিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
উম্মাহ২৪ডটকম: এমএ








