গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর গতকাল রাতের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর প্রখ্যাত আলেমে-দ্বীন মাওলানা নাজমুল হাসান কাসেমী।
আজ (৩০ আগস্ট) শনিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তি দাবি করেন।
বিবৃতিতে মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, গতকাল রাতে নুরুল হক নুরের উপর হামলার যে চিত্র দেখা গেছে, তাতে স্পষ্টভাবে বুঝা গেছে যে, তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতের মাত্র এক বছর পার হতে না হতেই অন্তর্বর্তী সরকার থাকতেই জুলাই আন্দোলনের সামনের সারির এক নেতার উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা খুবই উদ্বেগজনক।
তিনি বলেন, নুরুল হক নুর এই দেশে ভেসে আসেনি। তিনি গণমানুষের পক্ষে কথা বলে বারবার রাজপথে রক্তাক্ত হয়েছেন। জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ফ্যাসিবাদ মুক্ত দেশে তার উপরে ঠাণ্ডা মাথায় একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার উপর যেভাবে নৃশংস হামলা করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। নুরের ওপর প্রকাশ্যে যে নৃশংসতা চালানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হামলা প্রমাণ করে দেশে আবারও স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েমের পায়তারা চলছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
মাওলানা নাজমুল হাসান কাসেমী গণঅধিকার পরিষদের সভাপতির উপর হামলার ঘটনার নিরপেক্ষ ও বিচারবিভাগীয় তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান এবং তার আশু সুস্থতার জন্য দোয়া করেন।
উম্মাহ২৪ডটকম: এমএ







