বিভিন্ন দাবিতে দুই দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার যুগপৎভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনাদের জোট। নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষে রোববার (১৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। এতে ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলও অংশ নেবে বলে জানা গেছে।
এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ নানা দাবিতে দুই দফায় আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। তবে এবার এক মঞ্চ থেকে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, “রোববার বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খাঁ হলে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি’ আদায়ের লক্ষ্যে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।”
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, “পিআরসহ ৬ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে রোববার বেলা আড়াইটায় যৌথ প্রেস ব্রিফিং করবে যুগপৎ আন্দোলনরত দলসমূহের শীর্ষ নেতারা।”
উম্মাহ২৪ডটকম: এমএ







