নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা এককভাবে অংশগ্রহণের পক্ষে জোর দাবি জানিয়েছেন। প্রার্থীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এককভাবে নির্বাচনে অংশ নিলে দলের সাংগঠনিক কাজ আরও বেগবান হবে এবং জমিয়তের আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে, যা তৃণমূলে দলের ভিত্তি মজবুত করবে।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানী ঢাকার পুরানা পল্টনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নির্বাচন উপকমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রার্থীরা এই দাবি জানান।
দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচন উপকমিটির সদস্যসচিব ও দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সভা পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
সভায় উপস্থিত প্রার্থীরা নির্বাচনী কর্মকৌশল নির্ধারণ এবং যেকোনো দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে মাঠে নামার অঙ্গীকার ব্যক্ত করেন।
তাঁরা স্পষ্টভাবে উল্লেখ করেন যে, দলের কেন্দ্রীয় খাস কমিটি ও নীতি নির্ধারণী ফোরামের যেকোনো সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করবেন।
মতবিনিময়কালে কয়েকজন প্রার্থী সম্প্রতি বিভিন্ন সভা-সেমিনারে জমিয়তের কোনো কোনো নেতা ও প্রার্থীর পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী বক্তব্য দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও, নেতৃবৃন্দ দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্থিতিশীলতার অন্যতম মাধ্যম হচ্ছে জাতীয় নির্বাচন। নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ: সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির এবং মাওলানা আব্দুল হক কাওসারী প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ







