ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বিতাড়িত ফ্যাসিস্টদের সহযোগী সন্ত্রাসী কর্তৃক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসেমী।
আজ (১৪ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে তিনি আরও বলেন, মতপ্রকাশ ও রাজনৈতিক অবস্থানের কারণে কাউকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা একটি সভ্য সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা এবং মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। পতিত ও বিতাড়িত ফ্যাসিস্টর দেশে আবারও অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসন ও দেশবাসীকে এসব দেশবিরোধী সন্ত্রাসীদের প্রতিহত করতে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাইর চেতনাবাহী নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী পতিত ফ্যাসিস্টদের সহযোগী সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছেন। দেশপ্রেমি এই বীরের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে সবাইকে দোয়া করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি আসন্ন নির্বাচনী পরিবেশের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়েও গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো—হামলার পূর্বে হুমকির তথ্য প্রকাশ্যে আসার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না নেওয়া। সংশ্লিষ্টদের এই দায় এড়ানো সম্ভব নয়।
মাওলানা নাজমুল হাসান কাসেমী অবিলম্বে শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি একই সঙ্গে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাজনৈতিক কর্মী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।
জমিয়ত সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, রাজনৈতিক মতভিন্নতা দমন করতে সন্ত্রাস ও সহিংসতার আশ্রয় নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা সুশাসন ও ন্যায় বিচারের অগ্রযাত্রাকে ব্যাহত করে এবং সমাজকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। আমরা চাই—বাংলাদেশে মতপ্রকাশ, রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন হোক ভয়মুক্ত, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত।
মাওলানা নাজমুল হাসান কাসেমী আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে। গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না। মৃত্যুভয় তারা পরোয়া করে না। এক ওসমান হাদীর রক্তের ওপর লক্ষ ওসমান হাদী দাঁড়িয়ে যাবে। ভয় দেখিয়ে এদেশের জনগণকে আবারও পদানত করার যেকোনো ষড়যন্ত্র দেশবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দিবে, ইনশাআল্লাহ।
উম্মাহ২৪ডটকম: এমএ








