Home অন্যান্য খবর হাদির ওপর গুলিবর্ষণ রাষ্ট্র ও সমাজের জন্য ভয়াবহ সতর্কবার্তা: মুফতি তাজুল ইসলাম...

হাদির ওপর গুলিবর্ষণ রাষ্ট্র ও সমাজের জন্য ভয়াবহ সতর্কবার্তা: মুফতি তাজুল ইসলাম আশরাফী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রকাশ্য গুলিবর্ষণের ঘটনা গভীর উদ্বেগজনক ও নিন্দা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সহসভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শায়খুল হাদীস মুফতি তাজুল ইসলাম আশরাফী।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ ধরনের সশস্ত্র হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; বরং এটি আইনশাসন, নাগরিক নিরাপত্তা ও রাজনৈতিক সহাবস্থানের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেন।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য মোকাবিলায় অস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে, একটি মহল সচেতনভাবেই দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাইছে। এই প্রবণতা অব্যাহত থাকলে নির্বাচন, জননিরাপত্তা এবং স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ—সবই মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

আরও পড়তে পারেন-

মুফতি তাজুল ইসলাম আশরাফী আরও বলেন, বিশেষ উদ্বেগের বিষয় হলো, হুমকির তথ্য প্রকাশ্যে আসার পরও শরিফ ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এর দায় রাষ্ট্র ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার ওপর বর্তায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই—এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মুফতি তাজুল ইসলাম আশরাফী অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, একই সঙ্গে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান ও কার্যকর অভিযান পরিচালনা এবং রাজনৈতিক কর্মীসহ সাধারণ নাগরিকদের নিরাপত্তা জোরদার করতে হবে।

বিবৃতির শেষ দিকে মুফতি তাজুল ইসলাম আশরাফী বলেন, বাংলাদেশকে সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি থেকে মুক্ত রাখতে হলে এখনই কঠোর অবস্থান নেওয়া জরুরি। অন্যথায় এর পরিণতি রাষ্ট্র ও সমাজ—উভয়ের জন্যই মারাত্মক হবে। আল্লাহ তাআলা আহত শরিফ ওসমান হাদিকে দ্রুত আরোগ্য দান করুন এবং দেশকে সকল প্রকার সন্ত্রাসী অপতৎপরতা থেকে রক্ষা করুন—এই কামনা করছি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।