নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ পরিচালিত ২০২৫ইং শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশব্যাপী ৩ হাজার ৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বোর্ডের আওতাভুক্ত ১০,৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ২৬ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গড় পাশের হার ৯৬.৮৯%। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৭,৩৭২ জন। সর্বোচ্চ মেধা তালিকা ‘টপ-২০’ এ স্থান করে নিতে সক্ষম হয়েছে ২ হাজার ৮৭৪ জন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় হাটহাজারিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বোর্ড চেয়ারম্যান ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী এবং মহাসচিব ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ লিখিত বক্তব্য দেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন। নীচে তাঁর বক্তব্যটি উপস্থাপন করা হলো-
نحمده ونصلي علي رسوله الكريم ـ امابعد
আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, বোর্ডের পরিচালনা পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, প্রশিক্ষক-পরিদর্শক ও কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিচালক, শিক্ষক, অভিভাবক, অতিথি ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আলোচনার শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
দেশের সুপ্রসিদ্ধ ও সর্ববৃহৎ প্রাথমিক ইসলামী শিক্ষাবোর্ড নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসাসমূহের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল ঘোষণার পূর্বে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দ্বীনি ও জাগতিক শিক্ষার সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির প্রয়াস নিয়ে আজকের এই মহতী আয়োজনের তাওফিক দিয়েছেন। সাথে সাথে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আজকের এই মহতী সভায় উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ্ পাক আমাদের সকলকে কবুল করুন। আমীন।
আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি অত্র বোর্ডের সাবেক চেয়ারম্যান উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী (রহ.), বোর্ডের সাবেক চেয়ারম্যান, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদীস ও শিক্ষা পরিচালক ক্বায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.), বোর্ডের সাবেক কার্যকরী সভাপতি, মেখল হামিউস্সুন্নাহ মাদ্রাসার মহাপরিচালক আল্লামা নোমান ফয়জী (রহ.) ও বোর্ডের সাবেক চেয়ারম্যান হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব (রহ.) ও বোর্ডের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মাওলানা ইউনুস সাহেব (রহ.) সহ যারা বোর্ডের মহৎ কাজে অবদান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে উনাদের মাগফিরাত কামনা করছি এবং উনাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগানে পরিণত করার প্রত্যাশা করছি, আমিন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
আমি শুকরিয়া জ্ঞাপন করছি বর্তমান বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী সাহেব (দা.বা.), বোর্ডের সুযোগ্য পরিচালনা পরিষদের দায়িত্বশীল মুরব্বীয়ানে ক্বেরামগণ, প্রশিক্ষক পরিদর্শক ও কর্মকর্তা, পরিচালক, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ তিতীক্ষার ফলশ্রুতিতে আল্লাহপাক এই বোর্ডকে উন্নতির শিখরে পৌছিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন বর্তমান পরিচালনা পরিষদকে উত্তম প্রতিদান দান করুন, উনাদের কবুল করুন এবং ভবিষ্যতে আরোও ইখলাস ও নিয়মতান্ত্রিকতার সাথে তা’লীমে কুরআনের খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুন, আমীন।
সম্মানিত উপস্থিতি ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ!
আপনারা জানেন যে, ১৯৯৫ সালে ‘নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’ নামে শিশুদের মাঝে দ্বীনি ও জাগতিক শিক্ষার সমন্বিত একটি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা হয়। এ বোর্ডের মাধ্যমে বাংলাদেশসহ বাংলাভাষাবাসী মানুষের নিকট গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা নূরানী পদ্ধতির সিলেবাসভুক্ত মাদরাসাগুলোর কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে তদারকী ও পরিচালনা করে থাকে। বর্তমানে বাংলাদেশের শহর, উপশহর, জেলা-উপজেলা সদরসহ গ্রামগঞ্জে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিলেবাস অনুসরণ করে প্রায় ২৬ হাজারের অধিক নূরানী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। বর্তমানে শুধুমাত্র আমাদের অধীনে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫-১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর সংখ্যা ৪০ লক্ষেরও অধিক। এ বিশাল জনগোষ্ঠিকে দ্বীনি ও জাগতিক শিক্ষায় শিক্ষিত করে দেশে শিক্ষার হার বৃদ্ধিতে এ বোর্ড অসামান্য অবদান রাখছেন।
সম্মানিত সুধী!
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, মেধার বিকাশ ও মেধা যাচাইয়ের মাধ্যমে পড়ালেখায় প্রতিযোগী করতে বোর্ড নিবন্ধিত মাদরাসা সমূহে সারাদেশে একই তারিখে তথা ৩০ নভেম্বর- ২০২৫ইং থেকে ৪ডিসেম্বর’ ২০২৫ইং তারিখে এক ও অভিন্ন প্রশ্নপত্রের আলোকে ২০২৫ইং শিক্ষাবর্ষের ৩য় শ্রেণির “কেন্দ্রীয় সনদ পরীক্ষায়’’ সারাদেশ হতে ৩০৯২টি কেন্দ্রে ১০৩১২টি প্রতিষ্ঠানের সর্বমোট ৭,২৯,৭৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সম্মানিত উপস্থিতি!
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল পূর্বঘোষিত তারিখ অনুযায়ী অদ্য ২৫ ডিসেম্বর, ২০২৫ ইং, বৃহস্পতিবার বাদ মাগরিব অনলাইনে প্রকাশ করা হচ্ছে।
অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, ২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে ৭,০৩,৫৬৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭,৩৭২ জন। যার পাশের হার ৯৬.৮৯%।
আমরা কেন্দ্রীয় সনদ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী, পরিচালক, শিক্ষক ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ তা’য়ালা তাদের এই মেধার বিকাশকে আরো শানিত করুন এবং দেশ ও আদর্শ জাতি গঠনে যোগ্য নাগরিক হিসেবে কবুল করুন। আমীন।
প্রিয় উপস্থিতি!
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়নে বোর্ড কর্তৃক পরিচালিত মাদরাসা সমূহের ২০২৫ইং শিক্ষা বর্ষে সারাদেশে একই তারিখ তথা ০৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ইং এক ও অভিন্ন প্রশ্নপত্রে প্লে, নার্সারী, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বোর্ডের সার্বিক তত্তাবধানে স্ব-স্ব প্রতিষ্ঠানে সর্বমোট ২৮,৬৪,৫১৫ জন পরীক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীসহ সর্বমোট ৩৫,৯৪,২৫৪ জন শিক্ষার্থী স্বতঃষ্ফূর্ত অংশগ্রহণ করে আশানুরুপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।
সম্মানিত উপস্থিতি ও প্রিয় সাংবাদিক ভাইয়েরা!
এ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের চেয়ে আমাদের দেশের পটভূমি একটু ভিন্ন। মুসলমানদের কচি-কাচা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা তথা বিশুদ্ধ কুরআন তেলাওয়াত, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, জরুরী সূরা ক্বেরাত, হালাল-হারাম, পবিত্রতাসহ নিত্য প্রয়োজনীয় দু‘আ সমূহ শিক্ষা দেয়ার পাশাপাশি গতানুগতিক বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ পরিচিতি সমাজ-বিজ্ঞান, সাধারন জ্ঞান ইত্যাদি বিষয়গুলো সঠিক ও নিয়মাতান্ত্রিকভাবে পাঠদানের মাধ্যমে সুন্দর চরিত্র বা উত্তম আখলাক গঠনের জন্য অত্র বোর্ডের কার্যনির্বাহী কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লেখা-পড়ার মানোন্নয়নের জন্য পরিদর্শকদের দ্বারা লেখা-পড়ার মান যাচাই করা ও তিন মাস অন্তর অন্তর প্রতিটি মাদ্রাসায় দায়িত্বরত শিক্ষকদের নূরানী সিলেবাসের উপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা রয়েছে। এছাড়াও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরবী, বাংলা, গণিত, ইংরেজি, সমাজ-বিজ্ঞান ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করে যোগ্য ও আদর্শবান শিক্ষক তৈরির কাজটিও অত্র বোর্ড সুশৃঙ্খলভাবে আঞ্জাম দিয়ে আসছেন। যার বদৌলতে দেশব্যাপী অসংখ্য হাফেজে কুরআন, আলেম দ্বীন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক বিভাগে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাগণ তৈরি হচ্ছেন। পাশাপাশি নূরানী শিক্ষা ব্যবস্থাপনায় আজ হাজার হাজার স্কুল, কলেজ পড়ুয়া ছাত্ররা ইসলামী জ্ঞান শিক্ষাসহ তাঁদের একটি কর্মসংস্থান খুঁজে পেয়েছে। আমরা আশাবাদী যে, এই নূরানী শিক্ষার কার্যক্রমকে যদি আরো গতিশীল এবং ধারাবাহিকভাবে চালু রাখা যায়, তাহলে আমাদের দেশের মুসলমানের সন্তানেরা ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গঠন করতে সক্ষম হবে- ইনশা-আল্লাহ। কিন্তু এর জন্য প্রয়োজন ওলামায়ে কেরাম এবং ধর্মানুরাগী লোকদের শতভাগ ত্যাগ স্বীকার করা।
অত্র বোর্ডের পক্ষ থেকে এই অগ্রযাত্রা চালু রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে- ইনশা-আল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলের বিশেষকরে বোর্ডের চেয়ারম্যান মহোদয়সহ বোর্ডের পরিচালনা পরিষদের সকল দায়িত্বশীল মুরব্বিয়ানে কেরাম, সুযোগ্য প্রশিক্ষক-পরিদর্শকগণদের সকল কার্যক্রম ও প্রচেষ্টাকে কবুল করুন এবং বোর্ডের শিক্ষা বিষয়ক সকল পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফীক দান করুক-আমীন।
পরিশেষে আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য বোর্ডের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়ামা তাওফিকি ইল্লাবিল্লাহ।
দোয়া কামনায়-
মুফ্তি জসিম উদ্দীন সাহেব
মহাসচিব, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ
উম্মাহ২৪ডটকম: এমএ








