দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত ‘রাবেতাতুল মাদারিসিদ দ্বীনিয়্যাহ আল-মারকাজিয়্যাহ’ শিক্ষাবোর্ডের বার্ষিক পরীক্ষা আজ সোমবার, ১৯ জানুয়ারি, সারাদেশে একযোগে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে পরীক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয়। পরীক্ষার নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে গতকালই প্রশ্নপত্রসহ প্রয়োজনীয় সকল পরীক্ষাসামগ্রী যথাসময়ে নির্ধারিত কেন্দ্রসমূহে পৌঁছে দেওয়া হয়।
বোর্ডের মহাসচিব ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (হাফি.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ফোরকান আহমদ (হাফি.) পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করছেন। বোর্ডের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাগণও প্রথম বার্ষিক পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, বোর্ডের প্রথম বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও পরিদর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পরীক্ষার প্রথম দিনেই বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন (হাফি.)-এর নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ায় সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন।
উম্মাহ২৪ডটকম: এমএ







