Home রাজনীতি চাঁদাবাজ, দখলদার ও মামলাবাজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সারজিস আলমের

চাঁদাবাজ, দখলদার ও মামলাবাজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সারজিস আলমের

চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলার বাণিজ্যের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন, এনসিপির তরুণ ছাত্রনেতা সারজিস আলম।

তিনি বলেন, এসব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান থেকেই সংগ্রামী ছাত্রজনতা মাঠে থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। দখলদারদের বিরুদ্ধে লড়াই চলবে।

যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সমাজে এমন একটি শ্রেণি তৈরি হয়েছে যারা দিনে নৈতিকতার কথা বলে, আর রাতে অপরাধের সুবিধাভোগী হয়।

আরও পড়তে পারেন-

যারা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, অথচ রাতে মাদক ব্যবসার লাভের ভাগ নেয়, তাদের আমরা বয়কট করবো।

যারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কথা বলে, কিন্তু গোপনে চাটুকার বসিয়ে প্রতিষ্ঠান ধ্বংসের পরিকল্পনা করে—তাদেরও রুখে দেওয়া হবে।

নির্বাচনকেন্দ্রিক ভণ্ডামির সমালোচনা করে সারজিস আলম বলেন, অনেকেই নির্বাচনের আগে দুই মাস সাধারণ মানুষের পাশে থাকার ভান করে, কিন্তু নির্বাচনের পর দীর্ঘ সময় জনগণের নাগালের বাইরে চলে যায়।

এই রাজনৈতিক সংস্কৃতির অবসান ঘটাতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি প্রশাসনিক নিরপেক্ষতার বিষয়েও প্রশ্ন তুলে বলেন, কিছু মানুষ মুখে নিরপেক্ষ প্রশাসনের কথা বললেও বাস্তবে রাতের আঁধারে প্রশাসনকে প্রভাবিত করে নিরপরাধ মানুষকে হয়রানি করে। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।

সারজিস আলম আরও বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়ের মধ্যে ছাত্রসমাজ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সুযোগ পেয়েছে। এই সুযোগ যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।