Home শীর্ষ সংবাদ শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে; ভোট দিয়েছেন ড. ইউনূস, তারেক রহমান, শফিকুর রহমান

শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে; ভোট দিয়েছেন ড. ইউনূস, তারেক রহমান, শফিকুর রহমান

আজ (১২ ফেব্রুয়ারি) এক ঐতিহাসিক ‘ডাবল-ব্যালট’ প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন সরকার নির্বাচন এবং আমূল সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে ভোট দিচ্ছে বাংলাদেশ। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। কিছু কিছু এলাকায় ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে থেকেই লম্বা লাইন তৈরি হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোনো বড় ধরনের অভিযোগ বা বিশৃঙ্খলা ছাড়াই দেশজুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

সকাল থেকেই রাজধানীতে ভোটারদের নিজ নিজ কেন্দ্রে হাজির হতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। 

খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, ‘অসুস্থ হয়ে পড়ে গিয়ে” বিএনপি নেতার মৃত্যু

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়ে যান, পরে তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।

খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষকে জামায়াতের প্রচারণায় দিলে তিনি কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে আঘাত পেয়ে হয়ে মাথায় চোট পান এবং সেখানেই তার মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করে কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন কেন্দ্র থেকে বের করে দিচ্ছিল। আমি বাধা দিই। তখন তাদের একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি।’

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সদর থানার এসআই খান ফয়সাল রাফি জানান, ‘ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা আমরা দেখিনি।’

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় বলেন, কচিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলায় আহত ৩

গোপালগঞ্জের নিচুপাড়া এলাকায় রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোটগ্রহণকালে ককটেল হামলায় দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে।

প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে।’

পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

ঢাকা-৯ আসনের ভোট কেন্দ্র থেকে ফুটবল মার্কার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, ‘বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। অথচ এমন কোনো নিয়ম নেই, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেয়া হচ্ছে।’

আরও পড়তে পারেন-

তার পোলিং এজেন্টদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে অভিযোগ তুলে তাসনিম জারা বলেন, ‘বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? আমি যখন জিজ্ঞেস করছি, তখন কোনো সদুত্তর দিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা।’

২ ঘণ্টায় ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৩-১০ শতাংশ

ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালবেলায় কোথাও কোথাও ভোটারের উপস্থিতি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় কমে আসে। 

প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৩.৩৯ শতাংশ থেকে সর্বোচ্চ ১০.৪২ শতাংশ।

টিবিএসের প্রতিবেদকদের পাঠানো তথ্যমতে, ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টা পর সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা-৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ৩,৩৩৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৮ জন। অর্থাৎ মোট ভোটারের ১০.৪২ শতাংশ ভোট পড়েছে।

ভোট নিরপেক্ষ হলে আমরা ফলাফল মেনে নিতে রাজি: ভোট দেওয়ার পর শফিকুর রহমান

সকাল সাড়ে ৮টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

এ সময় তিনিবলেন, ‘ভোট নিরপেক্ষ হলে আমরা ফলাফল মেনে নিতে রাজি। একই সাথে অন্যদেরও মেনে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামীর সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার। যুবকরা প্রথমবারের মতো ভোট প্রদানের সুযোগ পেল।’

ভোট দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বেরাইদের একেএম রহমতুল্লাহ কলেজে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। 

রাজধানীতে সকালে ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি কম

সরেজমিনে দেখা গেছে, মগবাজার মোড়ে অবস্থিত ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভোটকেন্দ্রে নারী ভোটারের লাইন নেই। দুই একজন করে গিয়ে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

সিদ্দিকুর রহমান প্রিজাইডিং অফিসার বলেন, এ কেন্দ্রে ভোটার ৩৪৯৪ জন৷ সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে, ৯ টা পর্যন্ত ৮০ জনের মতো ভোটার ভোট দিয়েছেন। 

সকাল থেকে কেন্দ্রে ভোটারদের লাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা এসে লাইন ধরেছেন। নারী ও পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়েছেন। এই কেন্দ্র পরিদর্শন করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এবং ঢাবির কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান।

ডিসি মাসুদ আলম বলেন, ‘ইতিহাসের একটি সেরা নির্বাচন হতে যাচ্ছে এটি। সকাল থেকে রমনা বিভাগের বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও কোথাও এরই মধ্যে ভোটাররা ভোট দিতে এসেছেন। ভোটগ্রহণ শুরু হলে এই উপস্থিতি আরো বাড়বে। কোথাও কোনো সমস্যা নেই। উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যত শক্তিই আসুক না কেন, আজকে কোনো ছাড় নেই।’

ঢাকা-১৬ আসনের কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে মোট তিনটি ভোট কেন্দ্র রয়েছে। সকাল সাড়ে সাতটায় ভোটারদেরকে ভোট কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়।

ঢাকা-৬ আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজ জীবনে প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ সাজ্জাদূর ইসলাম।

রাজধানীর শনির আখড়ায় বর্ণমালা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন অনার্স পড়ুয়া ছাত্র রেদওয়ান আহমেদ। ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি টিবিএসকে বলেন, ‘রাতে ঘুমাইতে পারি নাই, ভোট দেব এই আবেগে। ফজরের পর এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এই কেন্দ্রে আমি দ্বিতীয় ভোটার ছিলাম।’ 

দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে ঢাকার কেরানীগঞ্জের মধুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা-২ আসনে সকাল সাড়ে ৭টায় প্রথম ভোট দেন মমতাজ বেগম (৭০)। ভোট প্রদান শেষে মমতাজ বেগম টিবিএসকে বলেন, দুই পায়ের ব্যথা নিয়ে অন্যের সহযোগিতায় বয়াতি কান্দি থেকে ভোট কেন্দ্র এসেছেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি। 

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের  বলেন, ‘সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত—এটাই আশা করি।’

অন্যদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কোনোভাবে ভোটে কারচুপি বরদাশত করা হবে না, আইন-শৃঙ্খলঅ বাহিনী সতর্কতার সাথে কাজ করছে। হেলিকপ্টার, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও  সিসি ক্যামেরা নিয়ে মনিটর করছি আমরা। ছোটখাটো ঘটনার বাইরে কোনো সমস্যা দেখছি না।’

আজ নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।