Home শীর্ষ সংবাদ চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে তাঁর তিন দিনের রাষ্ট্রীয় সফরের মূল পর্ব শুরু হয়েছে।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে বিশেষ মোটর শোভাযাত্রায় তাদের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরে তারেক রহমান চীনা নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

আরও পড়তে পারেন-

আগামী বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।

সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দেশটির কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।

এর আগে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে উদ্ভাবন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আয়োজিত বিভিন্ন অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।