Home শীর্ষ সংবাদ আগামীকাল শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

আগামীকাল শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

রাজনৈতিক সৌজন্য ও শিষ্টাচারের অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারেক রহমানের ঘনিষ্ঠ এক বিএনপি নেতা জানিয়েছেন, বিএনপি প্রধান প্রথমে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসভবনে যাবেন এবং এরপর রাত আনুমানিক ৮টার দিকে তিনি নাহিদ ইসলামের বাসায় যাবেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনে বিএনপি ২০৯টি আসন লাভ করে পরবর্তী সরকার গঠনের পথে রয়েছে। একই নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং এনসিপি ৬টি আসনে জয়ী হয়েছে।

আরও পড়তে পারেন-

এর আগে আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে আমি দল বা মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।’

নির্বাচনি প্রতিযোগিতার কারণে বিভিন্ন স্থানে সৃষ্ট সম্ভাব্য তিক্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করছি যেন এ ধরনের বিরোধ প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়।’ তারেক রহমান আরও জোর দিয়ে বলেন, তার সরকার আইনের শাসন সমুন্নত রাখতে ন্যায়বিচারকেই প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।