Home রাজনীতি জুলাই সনদ, সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের...

জুলাই সনদ, সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের আলোচনা

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। ছবি: এবি পার্টির সৌজন্যে।

ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বুধবার (১১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান দলীয় অবস্থান এবং তাঁর নির্বাচনী এলাকা ফেনী-সংক্রান্ত সুপারিশ তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এবি পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।

সাক্ষাতে এবি পার্টি জাতীয় পর্যায়ে কয়েকটি প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদকে ঘিরে সৃষ্ট বিতর্ক নিরসনে সমঝোতামূলক ও গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে সার্বজনীন পরামর্শ সভার আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে যৌথ অভিযান পরিচালনা।

আরও পড়তে পারেন-

এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন, বিগত ১৭ বছরের শাসনামলে নির্যাতনের অভিযোগ ও জুলাই গণঅভ্যুত্থানকালীন হত্যাকাণ্ডের বিচার এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির ঘোষিত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

জাতীয় ইস্যুর পাশাপাশি ফেনী জেলার উন্নয়নসংক্রান্ত কয়েকটি প্রস্তাবও তুলে ধরেন এবি পার্টির চেয়ারম্যান। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ফেনীতে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর, ভূ-রাজনৈতিক ও যোগাযোগগত গুরুত্ব বিবেচনায় একটি বিমানবন্দর ও সেনা ব্রিগেড স্থাপন এবং বন্যা, জলাবদ্ধতা, গ্যাস-সংকট ও নগর অবকাঠামোগত সমস্যার সমাধানে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ।

ফেনীর শিল্প, ক্রীড়া ও নগর ব্যবস্থাপনাসংক্রান্ত সুপারিশের মধ্যে ছিল বিসিক শিল্পনগরীর আধুনিকায়ন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধ, অবৈধ মাটির ব্যবসা বন্ধ, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে নির্মাণ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, দীর্ঘদিন বন্ধ থাকা দোস্ত টেক্সটাইল মিল চালু এবং শহরের ময়লার ডিপো স্থানান্তর।

এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ লালপোল এলাকা ও ফেনী শহরের রেলগেটকেন্দ্রিক যানজট নিরসনে ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।