Home রাজনীতি রাজধানীতে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর পল্টনে ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ রমজান) পল্টনস্থ ঢাকা ডিসিসি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও ঈমানি চেতনা জাগ্রত করার মাস। এ মাসে আল্লাহ তাআলা যে আমল ও কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো যথাযথভাবে পালনের মধ্য দিয়ে মানুষ সফলতার পথে এগিয়ে যেতে পারে।

তিনি ছাত্র জমিয়তের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিভ্রান্তি এড়িয়ে নিজেদের চরিত্র গঠন ও আত্মিক উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শকে ধারণ করে সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখতে হবে।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি আরও বলেন, ইসলাম একটি পরিপূর্ণ ও স্বচ্ছ জীবনব্যবস্থা। কিন্তু কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করে ভোটের রাজনীতিতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ভোটের জন্য মিথ্যাচার, অর্থের ব্যবহার এবং ধর্মীয় আবেগকে অপব্যবহার—এসব কর্মকাণ্ড ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়তে পারেন-

সভাপতির বক্তব্যে রিদওয়ান মাযহারী বলেন, ইসলামের নামে অপব্যাখ্যা ও বিভ্রান্তি সৃষ্টিকারী গোষ্ঠীর ব্যাপারে জাতিকে সচেতন করতে হবে। অতীতের নানা চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখন দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই বেড়েছে।

তিনি আরও বলেন, ইসলামের প্রকৃত আদর্শ ও সঠিক দিকনির্দেশনা মানুষের সামনে তুলে ধরা সময়ের দাবি। মসজিদ, মাদরাসা, খানকাহ এবং দাওয়াত-তাবলিগসহ দ্বীন প্রচারের বিভিন্ন অঙ্গনকে সুরক্ষিত রেখে সমাজে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, দ্বীন, আদর্শ ও সমাজকল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্রবিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি এখলাসুর রহমান রিয়াদ, রুহুল আমিন নগরী, গোলাম আম্বিয়া কয়েস, গাজীপুর সদর উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা জাফর আহমদ, লেখক ও অনুবাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক আব্দুল গাফফার, জাওয়াদ আহমাদ ও রাকিবুল ইসলাম রইস।

এ ছাড়া ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি নূর হোসাইন, সহসভাপতি কাউসার আহমাদ, সহসাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ ও হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইনাআমুল হাসান নাইম, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দফতর সম্পাদক জুবায়ের হোসেন, বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ত্বকিসহ কেন্দ্র, ঢাকা মহানগর ও বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।