উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সেখানে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব।
শনিবার (১৪ মার্চ) মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, আগামীকাল বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এ সময় তার সঙ্গে থাকবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। গতকাল তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে এবং এরপর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং ফলাফল সন্তোষজনক এসেছে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
অস্ত্রোপচারের পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এ জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন।
উম্মাহ২৪ডটকম: এমএ








