Home জাতীয় হামের প্রাদুর্ভাব: ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

হামের প্রাদুর্ভাব: ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল থেকে এ কার্যক্রম চালু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টানা তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংক্রমণের ‘হটস্পট’ বিবেচনায় বিশেষজ্ঞদের সুপারিশে ৩০টি উপজেলা নির্বাচন করা হয়েছে। টিকার পাশাপাশি আক্রান্ত বা উপসর্গযুক্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও দেওয়া হবে।

গত ২০ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬ হাজার ৪৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮২৬ জনের শরীরে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে।

আরও পড়তে পারেন-

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে—সে আগে টিকা নিয়েছে কি না, তা বিবেচ্য নয়। তবে জ্বর বা অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, কোনো শিশুই যেন সুরক্ষার বাইরে না থাকে।”

দেশব্যাপী সংক্রমণ নিয়ন্ত্রণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।