বৈশ্বিক পরিবর্তনের ফলে নতুন নতুন রোগের বিস্তার বাড়ছে, যা অনেক ক্ষেত্রে মহামারীর রূপ নিচ্ছে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রচলিত বহু ওষুধ কার্যকারিতা হারাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। এর আগে গণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাহমুদুল হাসান শিকদার। তিনি বলেন, ২০০০ সালের পর বিশ্বব্যাপী মানুষের চলাচল সহজ হওয়ায় নতুন রোগের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। বনভূমি কমে যাওয়ায় পশুপাখির রোগ মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ফাস্টফুড ও জাঙ্কফুডের প্রতি মানুষের ঝোঁকও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে মানবস্বাস্থ্য, পশুস্বাস্থ্য ও পরিবেশ—এই তিনটি খাতকে একসঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বিশেষ বক্তা অধ্যাপক ডা. ফরিদা ইয়াসমিন জানান, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রচলিত ৩৬টি অ্যান্টিবায়োটিক তাদের কার্যকারিতা হারিয়েছে। এমনকি নতুন আসা কিছু অ্যান্টিবায়োটিকও প্রত্যাশা পূরণ করতে পারছে না। তিনি চিকিৎসকদের অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. আবুল হোসেন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শুরু করা ‘সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উম্মাহ২৪ডটকম: এমএ








