সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ। এছাড়া ১১ এপ্রিল দেশের সকল মহানগরীতে এবং ১২ এপ্রিল সকল জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
মামুনুল হক অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা কৌশলে তা এড়িয়ে যাচ্ছে, যা জনগণের ম্যান্ডেটের প্রতি অসম্মান। তিনি বলেন, “দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা চুপ থাকতে পারি না। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দিতে আমরা রাজপথে থাকব।”
তিনি আরও বলেন, গণভোটের রায় কার্যকর করতে এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে, সকাল ১০টা থেকে একই দাবিতে বৈঠক করেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা।
উম্মাহ২৪ডটকম: এমএ







