বর্তমান সরকার একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে খেলাফত মজলিস। বিশেষ করে গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে বলে দাবি করেছে দলটি।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সাধারণ অধিবেশনে নেতারা এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং সঞ্চালনা করেন মহাসচিব আহমদ আবদুল কাদের।
বক্তারা বলেন, বিএনপি সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’কে অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
নেতারা আরও উল্লেখ করেন, এই সনদে স্বাক্ষরকারী ২৫টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির নামও রয়েছে। তবুও দলটি ভিন্নমত দেখিয়ে সংসদীয় প্রক্রিয়ায় সংশোধনের কথা বলছে, যা গণভোটে জনগণের রায়ের বিরোধিতা ছাড়া আর কিছু নয়।
খেলাফত মজলিসের নেতারা দাবি করেন, জুলাই জাতীয় সনদের ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের জন্য অনুষ্ঠিত গণভোটের রায়কে সম্মান জানিয়ে নির্বাচিত সংসদকে তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করতে হবে এবং সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
উম্মাহ২৪ডটকম: এমএ








