রাজধানীতে সড়ক পারাপারে নির্ধারিত নিয়ম না মানলে পথচারীদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে রাজধানীতে নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিত করতে পথচারী ও চালকদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হলে অনধিক এক মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
এ ছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা এবং চালকের লাইসেন্সে এক পয়েন্ট কাটা হবে। উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অনধিক তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ডিএমপি জানায়, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হয়েছে। ইতোমধ্যে ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, গুলশান-১ ও ২সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।
এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, মৌচাক, রায়সাহেব বাজারসহ একাধিক স্থানে অস্থায়ী সিগন্যাল চালু রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ মোড়ে শিগগিরই নতুন সিগন্যাল চালু হবে।
ডিএমপি পথচারীদের ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার আহ্বান জানিয়েছে। নিয়ম ভঙ্গ করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও প্রসিকিউশনও করা হবে বলে জানানো হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








