ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাহী পরিচালককে পর্ষদের দায়িত্ব
একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
গভর্নরের সঙ্গে বৈঠক
এর আগে রোববার বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বৈঠকে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন, দুইজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নেন।
বৈঠকে ব্যাংকটির চলমান পরিস্থিতি, তারল্য সংকট এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে গভর্নরকে অবহিত করা হয়।
চেয়ারম্যান নিয়োগকে ঘিরে সংকট
চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষ ও আস্থার সংকটের কারণে সাম্প্রতিক সময়ে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলনের ঘটনা ঘটে। এতে ব্যাংকটি বড় ধরনের তারল্য চাপে পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন চেয়ারম্যান নিয়োগের পর শুরু হয় বিক্ষোভ
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম. জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে এ নিয়োগের পর থেকেই ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
আন্দোলনকারীদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ায় ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তারা।
পর্যবেক্ষকদের মতে, দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা ইসলামী ব্যাংকের এই পরিস্থিতি দ্রুত সমাধান করা না গেলে আমানতকারী ও আর্থিক খাতে আস্থার সংকট আরও গভীর হতে পারে।
সূত্র/- বাংলাদেশ ব্যাংক
উম্মাহ২৪ডটকম: এমএ








