Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতার খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৮১ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৯ ডলারে দাঁড়ায়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে এবং আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“তেলের প্রবাহ শুরু হতে দাও!”

অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করেন। তবে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত শান্তি চুক্তি কার্যকর হওয়ার আগে আরও আলোচনা ও প্রতিশ্রুতি বাস্তবায়ন যাচাইয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

হরমুজ প্রণালির গুরুত্ব

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর কার্যত বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়।

প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর তেহরান ওই পথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল, যার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।

আরও পড়তে পারেন-

যুদ্ধের প্রভাবে তেলের দামে অস্থিরতা

ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র উত্তেজনা শুরুর আগে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৭০ ডলার ছিল। তবে সংঘাত তীব্র হওয়ার পর তা একপর্যায়ে ১২০ ডলার পর্যন্ত পৌঁছায়।

সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিলেও বিশ্লেষকরা সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন।

দ্রুত স্বাভাবিক হবে না সরবরাহ ব্যবস্থা

জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে গেলেও তেল পরিবহন তাৎক্ষণিকভাবে যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না।

পরামর্শক প্রতিষ্ঠান লিপো অয়েল অ্যাসোসিয়েটস-এর প্রধান অ্যান্ড্রু লিপো বলেন, প্রণালিতে যদি মাইন পেতে রাখা হয়ে থাকে, তাহলে সেগুলো অপসারণ করতে কয়েক সপ্তাহ থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের স্থবিরতার কারণে ট্যাংকারের জট তৈরি হয়েছে। পাশাপাশি উৎপাদন পুনরায় শুরু করে জাহাজে তেল লোড করার পুরো প্রক্রিয়া স্বাভাবিক করতেও কয়েক সপ্তাহ সময় প্রয়োজন হবে।

এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব

সমঝোতার খবরে সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলোতেও চাঙ্গাভাব দেখা গেছে।

  • জাপানের নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ।
  • দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ৫ শতাংশের বেশি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল অর্থনীতিগুলো উচ্চ তেলের দামের কারণে সবচেয়ে বেশি চাপের মুখে ছিল। ফলে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

সূত্র/- বিবিসি

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।