Home জাতীয় ভারতের মন্তব্য ‘অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের মন্তব্য ‘অযৌক্তিক’: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রসচিবের সাম্প্রতিক মন্তব্যকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের জাতীয় নির্বাচন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়; এ নিয়ে বিদেশি মন্তব্যের কোনো ভিত্তি নেই।”

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্রসচিব সম্প্রতি বলেছিলেন, বাংলাদেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে ভারত যে-ই ক্ষমতায় আসুক না কেন, সম্পর্ক বজায় রাখবে।

ব্রিফিংয়ে উপদেষ্টা রাষ্ট্রপতির চিঠি, তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা, ভিসা জটিলতা ও বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠকসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

রাষ্ট্রপতির চিঠি প্রসঙ্গে তিনি বলেন, “তিনি (রাষ্ট্রপতি) শুধু তাঁর অনুভূতি প্রকাশ করেছেন; আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।”

বিদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি অপসারণের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা জারি হয়েছে— এমন দাবি তিনি অস্বীকার করেন।

তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি রয়েছে; বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে এ সহযোগিতা স্বাভাবিক।”

আরও পড়তে পারেন-

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশি নিহত হওয়ার খবর প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ কোনো সংঘাতে জড়িত নয়; আমরা চাই না কেউ বিদেশি অভিযানে অংশ নিক।”

ভিসা সংকট প্রসঙ্গে উপদেষ্টা জানান, অনেক দেশে শিক্ষার্থী ও শ্রমিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, “জার্মানিতে ৮০ হাজার আবেদন জমা পড়লেও তারা বছরে মাত্র ২ হাজার প্রক্রিয়া করতে পারে। আমরা কোটার সংখ্যা বাড়ানোর অনুরোধ জানিয়েছি।”

তিনি আরও যোগ করেন, “জাল নথি ও অনিয়মের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে আমাদের নিজেদের দুর্বলতা ঠিক করতে হবে।”

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।