Home অর্থনীতি ৩৯ বছর পর চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, ব্যবসায়ীদের তীব্র আপত্তি

৩৯ বছর পর চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, ব্যবসায়ীদের তীব্র আপত্তি

বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী সংগঠনগুলোর তীব্র আপত্তি উপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টা থেকে চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর করা হয়েছে। এর ফলে আজ (বুধবার) থেকে সব ধরনের সেবার বিপরীতে ৩০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এমনকি দেশি-বিদেশি পর্যটক ও ব্যবসায়ী প্রতিনিধিদেরও দিতে হবে বর্ধিত এন্ট্রি ফি।

বন্দর কর্তৃপক্ষের দাবি, ৩৯ বছর পর ট্যারিফ সমন্বয়ের মাধ্যমে জেটি, শেড ও টার্মিনাল নির্মাণ ব্যয় আদায় এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম বিগত ৩৬ বছরে প্রায় ৪০০ শতাংশ বেড়েছে, ফলে বন্দরের মাশুল স্বয়ংক্রিয়ভাবে বেড়েছে—এ অবস্থায় নতুন ট্যারিফ সম্পূর্ণ অযৌক্তিক।

সবচেয়ে বেশি চাপ কন্টেইনার হ্যান্ডলিং খাতে

নতুন ট্যারিফে প্রতি ২০ ফুট কন্টেইনারের চার্জ ১১,৮৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৬,২৪৩ টাকা করা হয়েছে—বৃদ্ধি গড়ে প্রায় ৩৭ শতাংশ। এতে আমদানি কন্টেইনারে ৫,৭২০ টাকা ও রপ্তানি কন্টেইনারে ৩,০৪৫ টাকা বাড়তি দিতে হবে।

শিপিং খাতেও চার্জ বেড়েছে বহুগুণে—১২ ঘণ্টার জন্য ১০০%, ২৪ ঘণ্টার জন্য ৩০০%, ৩৬ ঘণ্টার জন্য ৪০০% এবং ৩৬ ঘণ্টার বেশি অবস্থানে ৯০০% পর্যন্ত চার্জ দিতে হবে।

আরও পড়তে পারেন-

বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের পাল্টাপাল্টি বক্তব্য

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুখ বলেন, “আগে প্রতি কেজি আমদানি পণ্য থেকে বন্দর ৩২ পয়সা আদায় করত, এখন তা ৪৪ পয়সা করা হয়েছে—মাত্র ১২ পয়সা বৃদ্ধি। এতে বাজারে বড় প্রভাব পড়বে না।”

তবে ব্যবসায়ী নেতারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, “একসঙ্গে এত বিপুল ট্যারিফ না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ালে সহনীয় হতো। এখনকার হার অসহনীয় হয়ে পড়েছে, যা বাজার ও রপ্তানি—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলবে।”

বিদেশি শিপিং কোম্পানির সারচার্জ ঘোষণা

ট্যারিফ বৃদ্ধির পর ফ্রান্সভিত্তিক CMA CGM এবং সুইজারল্যান্ডের MSC—এই দুই শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ওপর সারচার্জ আরোপের ঘোষণা দিয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।