Home কূটনীতি বাংলাদেশ-কুয়েত প্রথম পররাষ্ট্র পরামর্শ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-কুয়েত প্রথম পররাষ্ট্র পরামর্শ বৈঠক অনুষ্ঠিত

রোববার (১৯ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও কুয়েতের প্রথম পররাষ্ট্র পরামর্শ সভা (Foreign Office Consultation–FOC)। বৈঠকে দুই দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, শিক্ষা, সামরিক সহযোগিতা ও শ্রম খাতের সম্পর্ক আরও সম্প্রসারণে একমত হয় উভয় পক্ষ।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা **মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধান সামি আল-সালেহ এসব তথ্য জানান।

১৯৭৩ সালের পর প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক পরামর্শ

সামি আল-সালেহ বলেন, “কুয়েত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৩ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এই প্রথমবার দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হলো। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।”

তিনি জানান, আলোচনায় খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, উচ্চশিক্ষা ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, সামরিক সহযোগিতা এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান ইস্যুতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

“এসব খাতে সহযোগিতা সম্প্রসারণে আমরা একমত হয়েছি এবং শিগগিরই একাধিক নতুন চুক্তি স্বাক্ষরিত হবে।” — যোগ করেন তিনি।

সামরিক ও মানবিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ

কুয়েতি সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আবারও ১৯৯০ সালের কুয়েত দখলদারিত্বের সময় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তখন থেকে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সেনা আমাদের পাশে থেকে মাইন অপসারণ ও মানবিক সহায়তা দিয়ে আসছেন।”

এদিন সকালে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন।

আরও পড়তে পারেন-

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বার্তা হস্তান্তর

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে সামি আল-সালেহ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলির একটি চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফ্লাইট ও শ্রম সহযোগিতা নিয়ে আলোচনা

বৈঠকে বিমান চলাচল ও ফ্লাইট বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। বর্তমানে কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে ৭টি, আল জাজিরা এয়ারওয়েজ ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করছে।

“আমরা নতুন রুট ও ফ্লাইট সংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছি, যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে।” — জানান সামি আল-সালেহ।

তিনি আরও বলেন, “শ্রম সহযোগিতা নবায়নের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে, যা আগামী উচ্চপর্যায়ের সফরকালে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।”

ফরেন অফিস কনসালটেশন (এফওসি)

দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত প্রথম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং কুয়েতের পক্ষে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত সামি আল-সালেহ।

বৈঠকে দুই দেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতায় রূপ দিতে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছায়।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।