এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। “তারা একদলকে খুশী করে আবার অন্য দলে মনোযোগ দেয়, কখনো কখনো মনে হয় কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশাহারা। যে সুষ্ঠু নির্বাচন করবে, তা বিশ্বাসযোগ্য কিনা তা বলা কঠিন।”
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঝিনাইদহ সফরকালে শহরের একটি রেস্তোরায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক (খুলনা) ইয়ামিনুর রহমান ও এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন।
মঞ্জু বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রশাসন সুষ্ঠুভাবে পুনর্গঠন করা যায়নি। নানামুখী বিশৃঙ্খলার কারণে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিএনপি–জামায়াত–এনসিপির দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না।” তিনি আক্ষেপ করে বলেন, “হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন। সাংবাদিকদের ওপর আক্রমণ, হত্যা ও সম্পদ পাচারের ঘটনাও এখনও উদঘাটন হয়নি।”
তিনি দেশের সাম্প্রতিক সমস্যার দিকে ইঙ্গিত করে বলেন, “নিয়োগ–বদলি বাণিজ্য চলছে, মাদকাসক্ত তরুণদের উদ্বেগ বেড়েছে, চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ। ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে যশোর–ঝিনাইদহ সড়কের অবস্থা শোচনীয়।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
মঞ্জু আরও বলেন, “কে ভারতের বা পাকিস্তানের দালাল, কে মৌলবাদী বা নাস্তিক—এমন বিতর্কে জাতিকে বিভাজিত করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো বেকার সমস্যা সমাধানে কার্যকর কোনো পরিকল্পনা দিতে পারছে না। এখন সময় এসেছে অতীতের বিভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার।”
উক্ত সভায় তিনি এবি পার্টির ঝিনাইদহের সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের পরিচয় করান। ঝিনাইদহ-১ আসনে এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, ঝিনাইদহ-২ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় জুলাই অভ্যুত্থান বিষয়ক সহ-সম্পাদক রাশেদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আলমগীর হোসাইন, ঝিনাইদহ জেলা সদস্য সচিব নাজমুস সাদাত, মাগুরা জেলা আহ্বায়ক ইমরান নাজির ও মেহেরপুর জেলা সমন্বয়ক রফিকুজ্জামান প্রমুখ।
উম্মাহ২৪ডটকম: এমএ







