ঢাকায় আবারো বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের এক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সোমবার দিবাগত মধ্যরাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মাসুদুর রহমান (২৮) নামে এক যুবককে আটকের পর গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, গতকাল সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ বাস পার্ক করা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা আগুন দিলে আমাদের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায় রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসে আগুন লাগে। এদিন ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, দুদিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে রমনা থানাধীন বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় মাসুদুর রহমান (২৮) নামে এক যুবককে আটকের পর গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সোমবার রাত ১১টার পরে বাংলামোটরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। এদিকে জানা যায় মাসুদুর রহমান দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দা। তবে তিনি কোন দলের সমর্থক তা জানা যায়নি। কেউ বলেছেন, শিবির আবার কেউ বলেছেন, ওই যুবক ছাত্রলীগ কর্মী। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্য আহত যুবককে হাসপাতালে নেওয়া হয়েছে।
উম্মাহ২৪ডটকম: আইএএ








