বাউলবাদের আড়ালে ধর্ম অবমাননা ও আল্লাহর অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কথিত বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে এই ঘটনায় প্রতিবাদী আলেমসমাজ ও ধর্মপ্রাণ জনতাকে হয়রানি না করতে প্রশাসনকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (নভেম্বর ২৫) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই দাবি ও হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে আল্লামা সাজেদুর রহমান বলেন, “ভণ্ড বাউল আবুল সরকার প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচার করে স্থানীয় সচেতন মুসলমানদের প্রতিবাদের মুখে গ্রেপ্তার হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তাকে কেন্দ্র করে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি কাম্য নয়।”
তিনি আরও বলেন, “মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে আমরা উসকানিদাতা আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকে।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
হেফাজত মহাসচিব কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এ ঘটনায় প্রশাসনের কেউ স্থানীয় প্রতিবাদী আলেমসমাজ ও ধর্মপ্রাণ জনতাকে হয়রানি করলে তার পরিণতি ভালো হবে না। ধর্ম অবমাননার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”
আল্লামা সাজেদুর রহমান তথাকথিত সেক্যুলার ও প্রগতিশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আমাদের প্রশ্ন— ভণ্ড বাউল আবুল সরকারের পক্ষে দাঁড়ানো সেক্যুলার প্রগতিশীলরা কি সমাজে ধর্ম অবমাননা করার অধিকার চান?”
তিনি আরও উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে সচেতন বাউলশিল্পীরাও আবুল সরকারের শিষ্য হিসেবে পরিচিত আনোয়ার সরকারের ইসলামবিরোধী কথাবার্তার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন। এর মাধ্যমে আবুল সরকারের ইসলাম অবমাননার বিষয়টি আড়াল করার কোনো সুযোগ নেই।
ইসলামের আত্মদার্শনিক রূপ হিসেবে তাসাউফ বা সূফিবাদকে স্বীকৃতি দিয়ে হেফাজতে ইসলাম মহাসচিব বলেন, “কিন্তু বাউলবাদের আড়ালে কারো ইসলাম বিকৃতি ও অবমাননা সমর্থনযোগ্য নয়। কথিত বাউল আবুল সরকারের সুস্পষ্ট ধর্ম অবমাননা সত্ত্বেও তার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদী মুসলমানদের কলঙ্কিত করা এদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষার শামিল।”
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “এ ঘটনায় ইন্ডিয়াপন্থী উগ্র বামরাও সরব হয়েছে। জুলাই বিপ্লব বানচাল করতে ফ্যাসিস্টদের চক্রান্তে দেশে যেকোনো অস্থিরতা তৈরির চেষ্টা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।”
উম্মাহ২৪ডটকম: এমএ








