Home অন্যান্য খবর দেশব্যাপী নূরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষা শুরু হল আজ

দেশব্যাপী নূরানী তালীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষা শুরু হল আজ

৩,০৯২ কেন্দ্র–১০,৩১২ প্রতিষ্ঠান—মোট পরীক্ষার্থী ৭ লাখ ২৯ হাজার ৭৩৯

নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে চলতি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় সনদ পরীক্ষা আজ (৩০ নভেম্বর) শনিবার সারাদেশে একযোগে শুরু হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার দেশব্যাপী ৩,০৯২টি কেন্দ্রের মাধ্যমে মোট ১০,৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭,২৯,৭৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। অংশগ্রহণের এ ব্যাপকতা নূরানী শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও সম্প্রসারণের ধারাকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরছে।

বোর্ডের চেয়ারম্যান, মহাসচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি, মনিটরিং টিম এবং সহায়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। প্রশ্নপত্র পরিবহন থেকে মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতাও নেওয়া হয়েছে।

পরীক্ষার আয়োজনকে সামনে রেখে বোর্ডের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর প্রতি শুভকামনা জানানো হয়েছে।

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, “এ বছর সারাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন—এটি নূরানী শিক্ষার বিস্তারের এক আশাব্যঞ্জক অগ্রযাত্রা। সকল পরীক্ষার্থী যাতে পরীক্ষায় ভাল করতে পারে, সে জন্য বোর্ড কর্মকর্তাগণ বিশেষ দোয়া ও শুভ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

আরও পড়তে পারেন-

পরীক্ষা উপলক্ষে বোর্ড মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতার জন্য দোয়া করেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের শহর, উপশহর, জেলা-উপজেলা সদরসহ গ্রামগঞ্জে নূরানী পদ্ধতির সিলেবাস অনুসরণ করে প্রায় ২৫ হাজারের অধিক প্রাথমিক নূরানী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। যার সিংহভাগ নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর আওতায় নিবন্ধিত ও পরিচালিত। বর্তমানে শুধুমাত্র এই বোর্ডের আওতায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৫-১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীর সংখ্যা ৪০ লক্ষের অধিক। এ বিশাল জনগোষ্ঠিকে দ্বীনি ও জাগতিক শিক্ষায় শিক্ষিত করে দেশে শিক্ষার হার বৃদ্ধিতে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড অসমান্য অবদান রেখে যাচ্ছে।

তিনি পরীক্ষকদের প্রতি হলে শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, শিশু শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য পরীক্ষকদেরকে আন্তরিকতার সাথে বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে।

বোর্ড পরিদর্শক ও কর্মকর্তা মাওলানা আবুল হাশেম বলেন, নূরানী শিক্ষা ব্যবস্থা গতানুগতিক শিক্ষা নয়। বরং নূরানী শিক্ষার্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী সহীহ-শুদ্ধভাবে কুরআন এবং ইসলামের মৌলিক ও ব্যবহারিক শিক্ষার্জনের পাশাপাশি উত্তম সামাজিক ও মানবিক শিক্ষাও অর্জন করে থাকেন। একই সাথে তারা শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মানুবর্তিতার সাথে আমল-আখলাকের অনুশীলনের মাধ্যমে আমলী যিন্দেগীতে উন্নতির পাশাপাশি জাগতিক জ্ঞানও সঠিকভাবে অর্জন করে থাকেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।