প্রশ্ন: হজ্জ ফরয হওয়ার পরও যদি কেউ হজ্জ না করে, তার সম্পর্কে ইসলামে কী বিধান রয়েছে? বিস্তারিত জানতে ইচ্ছুক।
– আবিদ উল্লাহ, পূর্ব বশিকপুর, ফুলগাজী, ফেনী।
ফতোয়া: হজ্জ ইসলামের শিআর বা নিদর্শন পর্যায়ের একটি ফরয বিধান। হজ্জ ফরয হলে অবশ্যই হজ্জ করতে হবে। ফরয হওয়ার পর হজ্জ আদায়ে যৌক্তিক কোন প্রতিবন্ধকতা না থাকলে যথাসম্ভব দ্রুততম সময়ে আদায় করা জরুরি। হজ্জ ফরয হওয়ার পরও নিছক অলসতা বশত হজ্জ না করা; পার্থিব আয় উন্নতিতে মত্ত হয়ে হজ্জে গমন না করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় ও গর্হিত কাজ। এ প্রেক্ষিতে একাধিক হাদীসে নিন্দা ও হুঁশিয়ারী উচ্চারিত হয়েছে। এক হাদীসে কুদসীতে আল্লাহ তাআলা বলেন-
إِنَّ عَبْدًا صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي الْمَعِيشَةِ يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لَا يَفِدْ إليَّ لَمَحْروم
যখন আমি বান্দার শরীর সুস্থ রাখি এবং তাকে আমি স্বচ্ছলতা দান করি, এমতাবস্থায় তার উপর যদি পাঁচ বছর অতিবাহিত হয়ে যায় এবং সে আমার (বাইতুল্লাহর) কাছে না আসে, তাহলে সে বঞ্চিত। (সহীহ ইবনে হিব্বান- ৩৭০৩)।
রাসূল (সা.) বলেন- مَنْ أرَادَ الحجَّ فلْيَتَعَجَّلْ ‘যে হজ্জের নিয়ত করেছে সে যেন বিলম্ব না করে।’ (মুসতাদরাকে হাকিম- ১৬৪৫, হাদীসটি সহীহ )।
আবু উমামা ও আলী (রাযি.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেন-
مَنْ لَمْ يَمْنَعْهُ عَنِ الْحَجِّ حَاجَةٌ ظَاهِرَةٌ ، أَوْ سُلْطَانٌ جَائِرٌ، أَوْ مَرَضٌ حَابِسٌ فَمَاتَ وَلَمْ يَحُجَّ ، فَلْيَمُتْ إِنْ شَاءَ يَهُودِيًّا، وَإِنْ شَاءَ نَصْرَانِيًّا
‘যে ব্যক্তি সুস্পষ্ট অভাব বা অত্যাচারী শাসকের বাধা কিংবা সাংঘাতিক রোগ ছাড়া হজ্জ না করে মারা গেলো, সে চাই ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক (এতে কিছু যায় আসে না)।’ (সুনানে দারিমী, হাদীস -১৮২৬)।
হযরত উমার (রাযি.) বলেন- مَن أطاق الحجَّ فلم يحجَّ، فسواء عليه مات يهوديًّا أو نصرانيًّا
‘যে ব্যক্তি হজ্জের সামর্থ্য রেখেও হজ্জ করেনি, তার জন্য ইহুদী বা নাসারা হয়ে মারা যাওয়া এক বরাবর।’ (তাফসীরে ইবনে কাসীর- ১/৫০৮, ইবনে কাসীর রহ. হাদীসটি সহীহ আখ্যা দিয়েছেন)।
উপর্যুক্ত হাদীসসমূহ থেকে সুস্পষ্টরূপে প্রতীয়মান হচ্ছে যে, হজ্জ ফরয হওয়ার পরও হজ্জ না করাটা অত্যন্ত গুরুতর অপরাধ ও নিন্দনীয় কাজ।
স্মর্তব্য, কোনো ব্যক্তির উপর হজ্জ ফরয হওয়ার পরও হজ্জ পালন করতে অক্ষম হয়ে গেলে বদলী হজ্জ করাতে পারবে। এ অবস্থায় মারা যাওয়ার উপক্রম হলে অবশ্যই বদলী হজ্জ পালনের অসিয়ত করে যেতে হবে।
ফতোয়া দিয়েছেন- আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.)
মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ও সহকারী পরিচালক-
জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com








