Home আন্তর্জাতিক কাতার, বাহরাইন, কুয়েত ও আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কাতার, বাহরাইন, কুয়েত ও আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে পাল্টা আঘাত শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বর্তমানে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই খবর দিয়েছে আল জাজিরা।

বাহরাইন সরকার নিশ্চিত করেছে যে, দেশটির রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আল জুফায়ার ঘাঁটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমিরাতের রাজধানী আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রবেশ করলে মার্কিন প্যাট্রিওট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়।

আরও পড়তে পারেন-

কুয়েতেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং দেশটি উচ্চ সতর্কতা অবলম্বন করছে।

ইরানের আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই বহর সরাসরি ইসরায়েলের দিকেও অগ্রসর হচ্ছে বলে দাবি করেছে তেহরান।

পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দ্বারপ্রান্তে। আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক বিমান চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মার্কিন পেন্টাগন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো সময় বড় ধরনের পাল্টা আক্রমণের সম্ভাবনা রয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং আল জুফায়ার ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘‘সাইরেন বাজানো হয়েছে এবং নাগরিক ও বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাহরাইনের গণমাধ্যমগুলো জানিয়েছে যে, আমেরিকার আল জুফায়ার নৌ ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বাহরাইনের রাজধানী মানামায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে। তারা আরও জানিয়েছে যে, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের একটি সার্ভিস ফ্যাসিলিটিকে লক্ষ্যবস্তু করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।