দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ব্যবসা-বাণিজ্যের বর্তমান সংকট ও বিনিয়োগে বাধাগুলো নিয়ে সরাসরি মতামত নেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন তারা।
এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালু এবং বিমানবন্দরে হয়রানি কমিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সহজে দেশে প্রবেশের ব্যবস্থা করার দাবিও তোলেন ব্যবসায়ীরা।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
অর্থমন্ত্রী আরও জানান, বৈঠকে ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং নির্দিষ্ট গোষ্ঠীর ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর দাবিও উঠে আসে বৈঠকে।
সরকার ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনীতিকে গতিশীল করতে এসব প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








