
কওমি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ও তাদের মেধার স্বীকৃতি দিতে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় বহুমুখী প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশসেরা শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।
গতকাল (৩০ মার্চ) সোমবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদরা। তাঁদের মধ্যে ছিলেন মুফতি হিফজুর রহমান, মুফতি রফিকুল ইসলাম মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আবদুল জলিল ফারুকী এবং মুফতি বোরহান উদ্দীন রাব্বানী।
অনুষ্ঠানে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষায় দেশসেরা তিন ছাত্র ও তিন ছাত্রীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষার বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মোট ১৮ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আত্মবিশ্বাস জোগায়। তিনি আশা প্রকাশ করেন, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশের এ উদ্যোগ কওমি শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় নতুন গতি সঞ্চার করবে।
অনুষ্ঠানের সভাপতি আল-ফাতাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ বলেন, কওমি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিতে এবং তাদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ শুধু প্রকাশনা প্রতিষ্ঠান নয়, বরং কওমি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও মেধাবীদের উৎসাহিত করার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এই শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তি প্রকল্পটি আমাদের সেই অঙ্গীকারের ফলস্বরূপ। মানসম্মত বই প্রকাশের পাশাপাশি মেধার কদর করাই “মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ”-এর প্রধান লক্ষ্য।
উম্মাহ২৪ডটকম: এমএ







