আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফেরত চেয়ে অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণেও দুই দেশ একমত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে এসব বিষয় উঠে আসে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।
বৈঠকে ড. খলিলুর রহমান শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজনদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরত পাঠাতে উভয় পক্ষ সম্মত হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ভারত জানায়, বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। এছাড়া বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানি বাড়ানোর অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয় ভারত।
উভয় দেশ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








