Home জাতীয় ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও গঙ্গা চুক্তি

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও গঙ্গা চুক্তি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ফাইল ছবি: ইউএনবি।

দুই দিনের সরকারি সফরে আগামী ৭ এপ্রিল ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম উচ্চপর্যায়ের ঢাকা-দিল্লি কূটনৈতিক সফর।

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নেবে। কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করা এবং সহযোগিতা বাড়ানোই এ সফরের মূল উদ্দেশ্য।

সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান। হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিতব্য এ বৈঠকে গঙ্গা পানিবণ্টন চুক্তির পুনর্নবায়ন এবং যৌথ নদী কমিশনের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, চলতি বছরেই গঙ্গা চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা হতে পারে। বন্ধ থাকা পর্যটন ভিসা পুনরায় চালুর বিষয়েও গুরুত্ব দেবে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন শেষে মে মাসে ভিসা চালু করতে পারে ভারত।

৮ এপ্রিল বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. অজিত দোভাল বৈঠক করবেন। এ সময় নিরাপত্তা সহযোগিতা ছাড়াও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আলোচনায় আসতে পারে।

আরও পড়তে পারেন-

একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার এবং একটি সমন্বিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে ৫০ হাজার টন ডিজেল সরবরাহ নিয়েও আলোচনা হবে।

সফরসূচিতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রাতরাশ বৈঠকও রয়েছে।

এরপর ৯ এপ্রিল ভারত মহাসাগরীয় রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মরিশাসে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে সফরকে ঘিরে কূটনৈতিক তৎপরতা ইতোমধ্যে জোরদার হয়েছে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।