ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ায় সম্ভাব্য অবস্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ।
রোববার (৫ এপ্রিল) তাসনিম নিউজ সামরিক সূত্রের বরাতে জানায়, গত শুক্রবার (৩ এপ্রিল) ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে উদ্ধার অভিযানে ব্যর্থ হওয়ার পর পাইলটের সম্ভাব্য অবস্থানগুলোতে বিমান হামলা চালানো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় মার্কিন যুদ্ধবিমান বোমা হামলা চালায়। উদ্ধার অভিযানে থাকা মার্কিন বাহিনীর ধারণা, নিখোঁজ পাইলট ওই এলাকায় অবস্থান করতে পারেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর আগে ইরান দাবি করে, তারা যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। এছাড়া উদ্ধার মিশনে থাকা আরেকটি এ-১০ মডেলের যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানে থাকা দুই ক্রুর একজনকে উদ্ধার করা হলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের এই অভিযান এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সময় যত গড়াবে, ঝুঁকিও তত বাড়বে।
উম্মাহ২৪ডটকম: এমএ








