Home রাজনীতি সরকারকে হুঁশিয়ারি দিলেন এনসিপির আসিফ মাহমুদ, রাজপথে নামার ইঙ্গিত

সরকারকে হুঁশিয়ারি দিলেন এনসিপির আসিফ মাহমুদ, রাজপথে নামার ইঙ্গিত

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা না হলে ২০২৬ বা ২০২৭ সালে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাজপথে নামার ইঙ্গিত দেন।

রোববার (৫ এপ্রিল) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের পক্ষ থেকে গণভোটের রায় উপেক্ষা, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, ইতিহাসে গণ-অভ্যুত্থানের পর পরিস্থিতি সঠিকভাবে পরিচালনা না হলে বড় ধরনের পরিবর্তন এসেছে। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, সেই অর্জন রক্ষা না হওয়ায় ১৯৭১ সালের ঘটনা ঘটে। একইভাবে বর্তমান পরিস্থিতিতে ২০২৪ সালের অর্জন রক্ষা না হলে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের লক্ষণ ফুটে উঠছে। গণভোটের রায় মেনে না নিলে তাদের ‘অবৈধ সরকার’ হিসেবে ঘোষণা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়তে পারেন-

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে এবং নির্বাহী বিভাগের হাতে এমন ক্ষমতা রাখা হচ্ছে, যা নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের সুযোগ তৈরি করতে পারে।

এছাড়া ফোনে আড়ি পাতার বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পূর্ববর্তী সময়ে এ ধরনের নজরদারি সীমিত করা হলেও বর্তমান সরকার তা আবারও বিস্তৃত করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারকে সহযোগিতা করার সদিচ্ছা থাকলেও পরিস্থিতি ও সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি। গণভোট ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।