ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক মশিউর রহমান সাক্ষ্য দেন। এদিন গ্রেপ্তার থাকা ৯ আসামিকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী তারিখ হিসেবে ২১ এপ্রিল নির্ধারণ করেন।
এর আগে গত ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ৫ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল। চলতি বছরের ৭ জানুয়ারি আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে।
দুদকের তদন্তে সাবেক মন্ত্রীর স্ত্রী, ভাই-বোনসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তাও রয়েছেন। মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
অভিযোগপত্রে বলা হয়, ‘ভিশন ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গঠন করে ব্যাংক হিসাব খোলা হয় এবং আমদানির নামে টাইম লোন নেওয়া হয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদনের পর সেই অর্থ চারটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে নগদে উত্তোলন করা হয়। পরবর্তীতে হুন্ডির মাধ্যমে অর্থ বিদেশে পাচার করা হয়।
এছাড়া পাচারকৃত অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনা এবং বিভিন্ন হিসাবে সমন্বয়ের অভিযোগও রয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই আত্মসাতের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








