Home জাতীয় শরিয়াহ বোর্ডের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের

শরিয়াহ বোর্ডের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের

ইসলামী ব্যাংকিং খাতে সুশাসন জোরদারে শরিয়াহ বোর্ডের সদস্যদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, তাদের কার্যক্রমে কোনো বাধা থাকলে কেন্দ্রীয় ব্যাংক পূর্ণ সুরক্ষা দেবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় গভর্নর এ কথা বলেন। ইসলামী ব্যাংকিংয়ের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আয়োজিত এই সভার আয়োজন করে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (আইবিআরপিডি)।

সভায় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি শরীয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য, বিভিন্ন ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ও সদস্য, আলেম-উলামা ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, অতীতে কিছু ইসলামী ব্যাংকে অর্থপাচারের ঘটনা ঘটেছে, যার পেছনে যথাযথ তদারকির অভাব ছিল। তিনি জানান, ইসলামী ব্যাংকিং মূলত পণ্যভিত্তিক কাঠামোর ওপর পরিচালিত হওয়ার কথা, যা সঠিকভাবে বাস্তবায়িত হলে এ ধরনের অনিয়ম কমে আসার কথা।

তিনি শরিয়াহ বোর্ডকে আরও ক্ষমতায়নের ওপর জোর দিয়ে বলেন, তাদের সিদ্ধান্ত ও দিকনির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আরও পড়তে পারেন-

সভায় বক্তারা ইসলামী ব্যাংকিং খাতকে আস্থাশীল করতে সুদমুক্ত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তারা শরিয়াহ সুপারভাইজরি কমিটি, সেক্রেটারিয়েট ও অডিট ব্যবস্থাকে শক্তিশালী করার সুপারিশ করেন।

এছাড়া বড় বিনিয়োগ অনুমোদনে শরিয়াহ বোর্ডের মতামত বাধ্যতামূলক করা, বহিঃস্থ শরিয়াহ নিরীক্ষা চালু, পৃথক ইসলামী ব্যাংকিং আইন প্রণয়ন এবং কেন্দ্রীয় ব্যাংকে এ খাতের জন্য উচ্চপর্যায়ের পৃথক পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, শরিয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং তাত্ত্বিক নীতিমালার সঙ্গে বাস্তব প্রয়োগের সমন্বয় ঘটাতে পারলেই জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।