Home জাতীয় আদাবরে অস্ত্র মামলায় হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ১০ বছর কারাদণ্ড

আদাবরে অস্ত্র মামলায় হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ১০ বছর কারাদণ্ড

রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার ঢাকার ১৮তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর দুপুর আড়াইটার দিকে আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে র‌্যাব অভিযান চালায়। অভিযানে একজন সন্দেহভাজনকে আটক করা হয়, যিনি পরে নিজের নাম ফয়সাল করিম বলে পরিচয় দেন।

পরবর্তীতে র‌্যাব জানতে পারে, তিনি আদাবর থানার একটি চুরির মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

এ ঘটনায় র‌্যাব-২-এর হাবিলদার মশিউর রহমান ৮ নভেম্বর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

আরও পড়তে পারেন-

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন অপরাধ সংঘটনের জন্য অবৈধ অস্ত্র নিজের কাছে রাখতেন।

মামলাটি তদন্ত করে আদাবর থানার উপপরিদর্শক জাহিদ হাসান গত বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

গত ৫ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৯ এপ্রিল দিন নির্ধারণ করেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।